মাদারগঞ্জ

মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম নজু মন্ডল (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন এবং তিনি জামালপুরে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফাজিলপুর বালিকা মাদ্রাসার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম নজু সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নজরুল ইসলাম নজু মন্ডল উপজেলার ফাজিলপুর হাজীবাড়ী এলাকার মরহুম আব্দুল আলীমের জ্যেষ্ঠ পুত্র। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহেল গাফফার বলেন- “বিকেলে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে আমার ভাই নজু মণ্ডলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন- “ঘটনাটি মাত্র জানতে পেরেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Back to top button