মাদারগঞ্জ

অসুস্থ বাছুর জবাই: মাংস জব্দ করে মাটিচাপা

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্রির উদ্দেশ্যে একটি অসুস্থ বাছুর জবাই করার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে জবাই করা মাংস জব্দ করে মাটিচাপা দেওয়া হয়েছে।

জানা গেছে- উপজেলার আদারভিটা ইউনিয়নের বৈন্যাফৈর গ্রামের বাসিন্দা উসমান গনি ওরফে উত্থান তার গোয়ালঘরে একটি অসুস্থ বাছুর জবাই করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে তারা জবাই করা বাছুরের মাংস জব্দ করেন। জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ফেলা হয়, যাতে তা কোনোভাবেই বাজারজাত বা ভক্ষণ করা না যায়। তবে গরু মালিক অত্যান্ত নিরীহ কৃষক হওয়ায় মানবিক দিক বিবেচনা করে কোন প্রকার শাস্তি প্রদান না করে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে তাকে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় অসুস্থ পশু জবাই ও বিক্রির মতো অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করেন। প্রশাসন জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button