শূন্যরেখায় থাকা সেই ব্যক্তি হঠাৎ নিখোঁজ
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় টানা দুই দিন অবস্থান করার পর হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। বিজিবি ধারণা করছে- বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে রাতের কোনো এক সময় ফেরত নিয়ে গিয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানান, পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর সীমান্তের ১০৭৮ নম্বর পিলারের কাছে গত দুই রাত ধরে ওই ব্যক্তি অবস্থান করছিলেন ওই ব্যক্তি।
গতকাল রাতেও স্থানীয়রা তাকে সেখানে দেখতে পান। তবে বুধবার ভোর থেকে তাকে আর ওই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
এর আগে গত ১৫ জুন সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটকে দেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রথমে নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও পরবর্তীতে নিজের কোনো সঠিক নাম-ঠিকানা বা পরিচয় দিতে পারেননি। পরিচয় নিশ্চিত হতে না পারায় ওই রাতেই বিজিবি ও স্থানীয়রা তাকে পুনরায় শূন্যরেখায় ফেরত পাঠিয়ে দেয়। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছিলেন।
স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন- সোমবার রাতে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে ওই যুবক শূন্যরেখায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাকে সেখানে দেখা গেছে। কিন্তু আজ সকাল থেকে তিনি আর সেখানে নেই। হঠাৎ কোথায় গেলেন, তা নিয়ে এলাকায় নানা কথা হচ্ছে।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান মোবাইল ফোনে বলেন- আমরা ধারনা করছি বিএসএফ তাকে নিয়ে গিয়েছে। তবুও আমরা বাংলাদেশের সীমান্তে খোঁজ খবর রাখছি।




