গ্রাহকদের আমানতের বদলে জমি হস্তান্তর করলো স্বদেশ বহুমুখী সমবায় সমিতি
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্বদেশ বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের আমানতের টাকা ফেরতের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে সোমবার দুপুরে পৌরসভার বালিজুড়ী মিয়া সাহেবপাড়া (এমপাড়া) এলাকায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের জমি গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সমিতির পরিচালক আনিসুর রহমান আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের কাছে ওই জমি হস্তান্তর করেন।
এ সময় মাদারগঞ্জের বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকারী গ্রাহকদের টাকা উদ্ধারে গঠিত সহায়ক কমিটির উপদেষ্টা ও উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, টাকা উদ্ধার কমিটির আহ্বায়ক মমতাজুর রহমান, সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সদস্য সোনা মোল্লাসহ সমবায় সমিতির গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
টাকা উদ্ধার কমিটির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান বলেন- “দীর্ঘদিনের প্রচেষ্টা ও একাধিক দফা আলোচনার পর স্বদেশ বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের আমানত ফেরতের কার্যক্রম শুরু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে আসবে। সমিতির সর্বশেষ গ্রাহক তাঁর আমানতের টাকা বুঝে না পাওয়া পর্যন্ত টাকা উদ্ধার কমিটি মাঠে থাকবে।”
স্বদেশ বহুমুখী সমবায় সমিতির পরিচালক আনিসুর রহমান বলেন- “আমাদের সমিতিতে গ্রাহকদের প্রায় ৩২ কোটি টাকা আমানত রয়েছে। আজ প্রায় ৬ কোটি টাকা মূল্যের জমি গ্রাহকদের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে জমিগুলোর রেজিস্ট্রি সম্পন্ন করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা গ্রাহকদের আমানত ফেরতের কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে সব গ্রাহকের পাওনা পরিশোধ করা হবে।”




