মাদারগঞ্জ

নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামের এক ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশের একটি ফসলি খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মণ্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

পেশায় তিনি একজন ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন।

নিহতের স্বজনেরা জানান- গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন জহুরুল। ওই রাতেই ২টার দিকে মাদারগঞ্জ-মাহমুদপুর সড়কের আমলিতলা এলাকায় তাঁর খালি ইজিবাইকটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার। কোনো উপায় না পেয়ে জহুরুলের ছেলে মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকার একটি ফসলি জমিতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি নিখোঁজ জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান- নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button