বকশীগঞ্জ

নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে ফল মেলা

মতিন রহমান, বকশীগঞ্জ: ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক, নার্সারি মালিক ও উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত নানা জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শন করেন। স্টল গুলোতে আম, লিচু, কাঁঠাল, কলা, পেয়ারা, পেঁপে, আনারস, তরমুজ, লটকন, জাম, জামরুল, লেবু, মাল্টা, কমলা, ড্রাগন ফল, সফেদা, আমড়া, বেল, নারিকেল, তাল, বরই ও করমচাসহ বিভিন্ন মৌসুমি ও অপ্রচলিত ফল স্থান পায়।

মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন- মানুষের পুষ্টি চাহিদা পূরণে ফলের ভূমিকা অপরিসীম। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ ফল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি জনমনে পুষ্টি সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button