পার্টনার কৃষক সংগঠনের প্রথম বর্ষপূর্তি
মাসুদ পারভেজ রুবেল,রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়ায় প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে ফকিরপাড়া পার্টনার কৃষক সংগঠন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কৃষির আধুনিকায়ন, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
রবিবার (২১ জুন) বিকাল ৩ টায় ফকিরপাড়া এলাকায় সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহবুবুল আলম বসুনিয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. একরামুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা ডি-কৃষিবিদ মাহী সওয়ার মাহমুদ সুমন, ডি-কৃষিবিদ মো. মাসুদ রানা,-কৃষিবিদ মো. আব্দুল বারী, পাটনার সংগঠনের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।
ফকিরপাড়া পার্টনার কৃষক সংগঠনের সভাপতি মো. রাশেদুল ইসলাম মন্টু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, উন্নতমানের বীজ ও সারের সঠিক ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি সময়ের দাবি। এসব বিষয়ে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, একটি সংগঠনের সফলতা নির্ভর করে সদস্যদের ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগের ওপর। ফকিরপাড়া পার্টনার কৃষক সংগঠন এক বছরে কৃষকদের মধ্যে সহযোগিতা ও সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ সংগঠন এলাকার কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সদস্যদের শুভেচ্ছা জানানো হয় এবং কৃষকদের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।




