রৌমারী-চর রাজিবপুর

সুবিধাবঞ্চিত নারীদের উদ্যোক্তা বানাতে প্রশিক্ষণ

মাসুদ পারভেজ রুবেল,রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে দরিদ্র ও সরকারি সুবিধাভোগী নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়াল গ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বকুলতলী মহিলা সংসদ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় ভিডব্লিউবি কর্মসূচির সুবিধাভোগী নারীদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, আয়বর্ধক কার্যক্রম, সঞ্চয়ের কৌশল এবং স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক নিয়ে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ রুবেল এবং অতিথি হিসেবে অংশ নেন শাহজামাল। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বহু সুবিধাভোগী নারী অংশ নেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা উল্লেখ করেন, এ ধরনের আয়োজন তাঁদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে নিজস্ব উদ্যোগে ছোট ছোট ব্যবসা শুরু করে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে চান তাঁরা। এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে সফল উদ্যোক্তা গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আয়োজকদের ভাষ্য, গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাধীন করে তুলতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সঠিক নির্দেশনা ও সহযোগিতা পেলে এ অঞ্চলের নারীরা নিজেদের ভাগ্যোন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।

Related Articles

Back to top button