জামালপুর

যুবদল নেতাকে কুপিয়ে জখম করে ৩ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার: জামালপুরে জলমহাল নিয়ে দ্বন্দে এক পক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ইউনিয়ন যুবদলের এক নেতা। এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে জামালপুর থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আহত আল-আমিন সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও  ফুলারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য। রক্তাক্ত ও আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার সকালে মেষ্টা ফুলারপাড়া জলমহল এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে- যুবদল নেতা আল-আমিন স্থানীয় ফুলারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে জামালপুর জেলা প্রশাসনের কাছ থেকে একটি জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।

জলমহাল ইজারা পাওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দা হারুনের নেতৃত্বে তার অনুসারীরা জলমহালটি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন গতকাল বুধবার সকালে হারুনের নেতৃৃত্বে মানিক, ইমরান, জাবু মিয়া, মাসুদ, রাজু ও কাশেমসহ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল  জলমহালে এসে রাম দা, চায়নিজ কোড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আল-আমীনের উপর হামলা চালায়। এ সময় আল-আমিনের কাছে থাকা মাছ বিক্রির প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা আল-আমীনকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ফুলারপাড়া মৎসজীবী সমবায় সমিতির সাধারন সম্পাদক মো. মানছুর ইসলাম বলেন- সরকারের কাছ থেকে নিয়ম মেনে জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু এলাকার কিছু চিহ্নিত মাদকসেবী প্রতিদিন নেশার টাকা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় তারা সমিতির সদস্যদের প্রণনাশের হুমকি দেয়। সেই ক্ষোভ থেকেই তারা আল-আমিনের উপর হামলা করে। এ ব্যাপারে জামালপুর থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হারুন-এর নাম্বারে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভি করেননি।

জামালপুর থানার ওসি (তদন্ত) এস এম ন‚র মোহাম্মদ বলেন- এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Related Articles

Back to top button