দেওয়ানগঞ্জ

নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ: উদ্ধার অভিযান স্থগিত

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে রোহান (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। সোমবার রাত ৮টার দিকে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়।

সোমবার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দফাদার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রোহান ওই এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান- দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে রোহান। বিষয়টি বুঝতে পেরে স্বজনেরা দ্রুত নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। টানা প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়েও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাই রাত ৮টার দিকে অভিযান স্থগিত করা হয়েছে।

Related Articles

Back to top button