বকশীগঞ্জ

বন্যার্তদের পাশে বিজিবি:৫৫২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জে বন্যাকবলিত এলাকার ৫৫২ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার সীমান্তবর্তী লাউচাপড়া বিনোদন কেন্দ্রে বিজিবির জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। ক্যাম্পেইনে বন্যাকবলিত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেন ময়মনসিংহ সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার মেজর এস. এফ. এইচ. উর্মি, জামালপুর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ডা. মো. ফজলে রাব্বী, ঢাকার পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. এস. এম. আলকাস তাহমিদ এবং বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

এ সময় জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, উপঅধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল এবং সহকারী পরিচালক মো. ইমাম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী সেখানে অংশ নেন।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান উল্লেখ করেন, দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

Related Articles

Back to top button