জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বনায়ন কর্মসূচির উদ্বোধন
মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুড়িগ্রাম): জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কুড়িগ্রামের রৌমারীতে কমিউনিটি ভিত্তিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আওতায় স্থানীয় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৮০টি গাছের চারা বিতরণ করা হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হাসান এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুকতার হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ, রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং গণ উন্নয়ন কেন্দ্রের ফিল্ড কো-অর্ডিনেটর এ কে এনামুল করিম। এছাড়াও সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, স্থানীয় কমিউনিটি সদস্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আম, জাম, কাঁঠাল ও নিমসহ বিভিন্ন প্রজাতির এসব চারা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, খরা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ ও বনভূমি সংরক্ষণের কোনো বিকল্প নেই। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে স্থানীয় জনগোষ্ঠী ও সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে বনায়ন কার্যক্রম আরও জোরদার করতে হবে।
বক্তারা আরও বলেন- শিক্ষা প্রতিষ্ঠানে লাগানো এসব গাছ ভবিষ্যতে ছায়া ও ফল দেওয়ার পাশাপাশি স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেন। একটি টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়তে এ ধরনের সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।




