জামালপুর

ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান- শনিবার সকাল আটটার দিকে শারমিনের স্বামী জহুরুল তাঁর এক আত্মীয়কে ফোনে জানান, ভেতর থেকে তাঁদের ঘরের দরজা বন্ধ রয়েছে এবং ডাকাডাকি করেও স্ত্রীর কোনো সাড়া পাচ্ছেন না। খবর পেয়ে শারমিনের বাবার বাড়ির লোকজন ও আত্মীয়রা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে নিচে নামানো হলে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহত শারমিন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের হাসেম মিয়ার মেয়ে। তাঁর স্বামী জহুরুলের বাড়ি শ্রীপুর ইউনিয়নের কুমারিয়া এলাকায়। তাঁরা নান্দিনা পূর্বপাড়ায় মনির হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান,ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত  কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button