বকশীগঞ্জ

পুকুরে ডুবে ১৯ মাসের শিশুর মৃত্যু

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইছাহাক আলী নামে ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের টাঙ্গারি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছাহাক ওই গ্রামের রাসেলের সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে- দুপুরে শিশু ইছাহাক নানার বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন উল্লেখ করেন- খবর পেয়ে কামালের বাত্তি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি দুর্ঘটনাজনিত হওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button