মেলান্দহ

ইজিবাইকের চাপায় নানা বাড়িতে বেড়াতে আসা শিশুর মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় নাজমিন নাহার নামের সাত বছর বয়সী এক স্কুল ছাত্রী প্রাণ হারিয়েছে।

রোববার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা গ্রামের পয়লা ব্রিজ সংলগ্ন মাহমুদপুর-মেলান্দহ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমিন উপজেলার রোকনাইপাড়া গ্রামের নাজমুল হাসানের মেয়ে এবং রোকনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে আগপয়লা গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল নাজমিন। সকালে খাবার খেয়ে খেলতে যাওয়ার উদ্দেশ্যে সে বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল। এ সময় মাহমুদপুর থেকে মেলান্দহগামী একটি দ্রুত গতির ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাইদ আহমেদ শুভ জানান- শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দ্রুত অক্সিজেন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং কয়েক মিনিটের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button