মেলান্দহ

বৃদ্ধের মরদেহ উদ্ধার: অপমৃত্যু মামলা

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় সুরুজ্জামান (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ৬ নম্বর আদ্রা ইউনিয়নের মল্লিকাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ্জামান ওই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান-দীর্ঘদিন ধরে সুরুজ্জামান মানসিক সমস্যায় ভুগছিলেন। গভীর রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে সুরুজ্জামান মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না। পরিবারের সদস্যরা তার চিকিৎসারও চেষ্টা করেছিলেন।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Related Articles

Back to top button