অবৈধ বালু উত্তোলনে ব্যবসায়ীর কারাদণ্ড: ৫ ড্রেজার ধ্বংস
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে বাবুল মিয়া (২৫) নামে এক বালু ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার সবুজপুর, পোল্লাকান্দি ও বাসেতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানে তাঁর সঙ্গে স্থানীয় পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কারাদণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার ঝালরচর গ্রামের সোনা মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর বিভিন্ন পয়েন্টে ভোরে একযোগে অভিযান চালানো হয়। অভিযানের সময় সবুজপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অন্যদিকে পোল্লাকান্দি এলাকায় নদীর তীরে বসানো আরও তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এছাড়া বাসেতপুর এলাকা থেকে বালু ব্যবসায়ী বাবুল মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন উল্লেখ করেন, নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




