দেওয়ানগঞ্জ

মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মহসিন রেজা রুমেল দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে ইসমাইল (৩০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ সাজা দেন।

দণ্ড প্রাপ্ত ইসমাইল দেওয়ানগঞ্জ পৌর শহরের চরভবশুর ঠোটাপাড়া এলাকার আব্দুস সাত্তার ড্রাইভারের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান- নিজ বাড়িতে মাদক সেবন করে ইসমাইল তার মা ও ভাইয়ের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। অতিষ্ঠ হয়ে তার মা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

পরবর্তীকালে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন উল্লেখ করেন- অভিযুক্ত যুবক মাদক গ্রহণ ও পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের কথা স্বীকার করেছেন। অপরাধ মেনে নেওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের আইনগত অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Back to top button