বর্ষীয়ান বিএনপি নেতা কাদের দুদু তরফদারের মৃত্যুবার্ষিকী
এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আব্দুল কাদের (দুদু) তরফদারের ২১তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০৫ সালের ২৮ জুলাই পরলোকগমন করেন এলাকা ও দলের তৃণমূলের এই জনপ্রিয় নেতা।
তাঁর রাজনৈতিক জীবনের পথচলা শুরু হয় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে। পরবর্তীতে তিনি সফলতার সঙ্গে ইউনিয়নের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি গ্রাম সরকার কমিটির সদস্যদের ভোটে ইউনিয়ন সরকার নির্বাচিত হন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে বিশেষ ভূমিকা রাখেন।
মরহুমের জ্যেষ্ঠ পুত্র গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বর্তমানে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। আজ এই প্রবীণ রাজনীতিকের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী ও স্বজনেরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।




