মাদারগঞ্জ

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার মন্ডল ওই এলাকার তফিল মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান-সকালে বাড়ির অদূরে নিজের আমন ধানখেতে বৈদ্যুতিক পাম্প দিয়ে সেচ দিতে যান আজাহার মন্ডল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে জামালপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান মিস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষিজমিতে সেচ দিতে গিয়ে আজাহার মন্ডল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার বলেন, হাসপাতালে আনার আগেই আজাহার মন্ডলের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজাহার মন্ডলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button