বকশীগঞ্জ

সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের করুণ মৃত্যু

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে ধানি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল ছাত্তার (৭০) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ছাত্তার ওই এলাকার মৃত হাজী নুরুজ্জামানের ছেলে।

নিহতের ভাতিজা সামিউল হকের ভাষ্য অনুযায়ী- বিকেলে বাড়ির পাশের ধানি জমিতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যান আব্দুল ছাত্তার। সেখানে মোটরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন- খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Related Articles

Back to top button