বকশীগঞ্জ

মাদকাসক্ত ছেলের হাতুড়িপেটার শিকার বাবা: অতিষ্ঠ হয়ে দিলেন পুলিশের হাতে

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতুড়ি পেটায় গুরুতর আহত হয়েছেন এক বাবা। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছেলের ভয়াবহ অপকর্ম থেকে বাঁচতে অতিষ্ঠ হয়ে তিনি নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নাহিদ মিয়া (২২)।

উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানীর ছেলে নাহিদ।

স্থানীয় সূত্রে জানা যায়- তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এর জেরে পরিবারে প্রায়ই অশান্তি সৃষ্টি করতেন। ঘটনার দিন সকালে নেশাগ্রস্ত অবস্থায় নাহিদ তার বাবার ওপর চড়াও হন। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন।

নিজের সন্তানকে আইনের হাতে তুলে দেওয়ার বিষয়ে অসহায় বাবা গোলাম রাব্বানী তার কষ্টের কথা তুলে ধরেন। তার ভাষ্য, “মাদকের নেশায় সে আমাদের ওপর নিয়মিত অত্যাচার চালাত। প্রতিদিনের মতো আজও সকালে মাদক সেবন করে আমাকে মারধর করে। আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাহিদ মিয়াকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Related Articles

Back to top button