দেওয়ানগঞ্জ

সরকারি জমিতে নির্মিত দুই দোকান উচ্ছেদ

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুটি নির্মাণাধীন দোকানঘর গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার সানন্দবাড়ী বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে সানন্দবাড়ী বাজারে অবৈধভাবে গড়ে ওঠা এই স্থাপনা দুটি উচ্ছেদ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- গোপন তথ্যের ভিত্তিতে সানন্দবাড়ী বাজারে সরকারি জমিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম উল্লেখ করেন- প্রায় এক মাস আগে কে বা কারা সানন্দবাড়ী বাজারের সরকারি জমিতে দোকান দুটি নির্মাণ শুরু করে। পরবর্তীতে প্রশাসনকে অবহিত করা হলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে তা ভেঙে দেন।

ঘটনার বিস্তারিত তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন মন্তব্য করেন- সানন্দবাড়ী বাজারে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়া সব সরকারি জমি উদ্ধারে আগামী সপ্তাহ থেকে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Related Articles

Back to top button