জাবিপ্রবিতে বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিকের পুরস্কার পেলেন মিরাজুল
স্টাফ রিপোর্টার: অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ সালের ‘বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক’ পুরস্কার অর্জন করেছেন জামালপুর নিউজ ২৪ ডটকম এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিরাজুল ইসলাম। নিয়োগ বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য উন্মোচনের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়।
রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
জাবিপ্রবি সাংবাদিক সমিতি ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পর্বে এই পদক প্রদান করা হয়।
মূলত জাবিপ্রবির ছাত্রদল আহ্বায়ক ও দুই গাড়ি চালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ নিয়ে সাড়া জাগানো প্রতিবেদন প্রকাশের জন্য মিরাজুলকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। প্রভাবশালী মহলের হুমকি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাতের ঘটনা জনসমক্ষে নিয়ে আসেন। এর আগে পেশাদারিত্ব ও সাহসী ভূমিকার জন্য তিনি ‘জার্নালিস্ট অব দ্য ইয়ার ২০২৪’ সম্মাননাও অর্জন করেছিলেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. মিরাজুল ইসলাম উল্লেখ করেন- যেকোনো স্বীকৃতিই কাজের দায়বদ্ধতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। তার ভাষ্য, ক্যাম্পাসের অসঙ্গতি দূর করা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করা একজন সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব। এই অর্জন তাকে ভবিষ্যতে আরও সাহসের সঙ্গে তথ্যনির্ভর সংবাদ প্রকাশে অনুপ্রাণিত করবে এবং সত্য উন্মোচনে তার কলম সবসময় আপসহীন থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে মিরাজুল ইসলাম ছাড়াও আরও চারটি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের চারজন সংবাদকর্মীকে সম্মাননা দেওয়া হয়। ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. বেলাল হোসাইন এবং প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রতিদিনের কাগজের ইয়াসির আরাফাত ‘জার্নালিস্ট অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন। এছাড়া বর্ষসেরা ফিচার লেখক হিসেবে দৈনিক যায়যায়দিনের মুসলিম ইবনে রবি এবং বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে দৈনিক মুক্তকালের মো. নাইমুর রহমানকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদিকুর রহমান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালাল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং ক্যাম্পাসে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




