মেয়র প্রার্থী সোহেল রানার নির্বাচনী উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার: আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে ৭ নম্বর ওয়ার্ডে জনসংযোগ ও উঠান বৈঠক করেছেন জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী মো. সোহেল রানা খান।
শুক্রবার বিকেলে শহরের পুরাতন ফুলবাড়িয়া মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার সমর্থকেরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে স্থানীয় বাসিন্দা ও তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে মো. সোহেল রানা খান উল্লেখ করেন- “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। পৌরবাসীর সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে চাই।” তিনি আরও মন্তব্য করেন, মেয়র নির্বাচিত হলেও তিনি জনগণের পাশে আছেন, না হলেও আগামীতে তাদের পাশেই থাকবেন।
বৈঠকে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনদুর্ভোগ কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা নিজেদের নানা সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। মেয়র প্রার্থী মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।
সভায় অন্যান্য বক্তারা একটি আধুনিক, নিরাপদ ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনের শেষ পর্যায়ে এলাকার সার্বিক কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।




