ব্যবস্থাপনা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের ‘ব্যবস্থাপনা সমিতি নির্বাচন-২০২৬’-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ও আচরণবিধি প্রকাশ করা হয়।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ আগস্ট সকাল ১০টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। একই দিন দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। বেলা ২টায় মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩১ আগস্ট দুপুর ১২টা। ওই দিন বেলা ২টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর আচরণবিধি প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি অনুযায়ী, প্রার্থী বা তাঁদের সমর্থকেরা পোস্টার, লিফলেট ও ব্যানার ব্যবহার করতে পারবেন না। মাইক বা কোনো ধরনের শব্দযন্ত্রের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া প্রচারণায় উসকানিমূলক, মানহানিকর, সাম্প্রদায়িক বা রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন কিংবা উপহারের প্রলোভন দেখালে প্রার্থিতা বাতিলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবস্থাপনা সমিতিতে মোট ১২টি পদ রয়েছে। এর মধ্যে সভাপতি হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন বিভাগের চেয়ারম্যান। বাকি পদগুলোতে নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচন করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, সহ-সভাপতি পদে মনোনয়নপত্রের ফি ১ হাজার ২০০ টাকা, সাধারণ সম্পাদক পদে ১ হাজার টাকা এবং সহ-সাধারণ সম্পাদক পদে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব পদে যথাক্রমে চতুর্থ, তৃতীয় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রার্থী হতে পারবেন। অন্যান্য সম্পাদকীয় পদের মনোনয়নপত্রের ফি ৫০০ টাকা এবং সদস্য পদের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।




