মেলান্দহ

‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যের গুরুত্ব তুলে ধরেন। নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা, সৃজনশীল লেখালেখি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ জোর দেন তাঁরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক এবং মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কফিল উদ্দিন। এ সময় সাংবাদিক আজম খান, শাহজামাল এবং বিএনপি নেতা ফজলুল কাদের হেলালও বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা আল আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শিল্পী বাউল বিপ্লব মণ্ডল এবং তাঁর ছেলে সাফিন মণ্ডল নজরুলসংগীত পরিবেশন করেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

Related Articles

Back to top button