জামালপুর

আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষকে শুভেচ্ছা জানালো ‘চিরকুমার সংঘ’

স্টাফ রিপোর্টার: সরকারি আশেক মাহমুদ কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বার্সেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘চিরকুমার সংঘ’।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই উপলক্ষে একটি ব্যতিক্রমী র‌্যালির আয়োজন করেন সংগঠনটির সদস্যরা। তাদের এই আয়োজন ঘিরে সাধারণ শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

সোমবার দুপুরে নিজেদের ব্যানার নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন সংগঠনের সদস্যরা। এরপর নতুন অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফলতা ও কলেজের সার্বিক উন্নতি কামনা করেন। তাদের ব্যানারে নিজেদের ‘প্রেম ও বিবাহ আসক্তিমুক্ত, চিরতরুণ ও সচ্চরিত্র’ হিসেবে তুলে ধরা হয়। একই সঙ্গে সেখানে নতুন সদস্য সংগ্রহের ঘোষণাও দেওয়া হয়।

সংগঠনের উদ্যোক্তা সারোয়ার হোসেন জানান, তারা নিজেদের চিন্তাধারা মানুষের সামনে একটু ব্যতিক্রমীভাবে তুলে ধরতে চান। নতুন প্রজন্মের মধ্যে ইতিবাচক চিন্তা, বন্ধুত্ব ও সামাজিক মূল্যবোধের চর্চা বাড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। যারা তাদের এই চিন্তাধারার সঙ্গে একমত, তাদের সবাইকে সংগঠনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

আরেক উদ্যোক্তা শাহরিয়ার বায়েজিদ জানান, তারা চিরকুমার সংঘকে একটি আনন্দ ও বন্ধুত্বের জায়গা হিসেবে গড়ে তুলতে চান। বর্তমানে নতুন সদস্য সংগ্রহ চলছে এবং আগ্রহী যে কেউ তাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ভবিষ্যতে সদস্যদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Back to top button