বিশেষ সংবাদ

তরুণদের জন্য বিনা মূল্যে এআই প্রশিক্ষণের সুযোগ

মোঃ মিরাজুল ইসলাম: জামালপুর জেলার তরুণ-তরুণীদের জন্য বিনা মূল্যে দুই মাস মেয়াদি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ নিয়ে এসেছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে আয়োজিত এই কোর্সে প্রশিক্ষণার্থীদের কোনো ফি দিতে হবে না। উল্টো যাতায়াত ভাতা হিসেবে প্রত্যেক প্রশিক্ষণার্থী প্রতিদিন ২০০ টাকা এবং দৈনন্দিন খাবারের সুবিধা পাবেন। একই সঙ্গে সফলভাবে কোর্স শেষ করাদের সরকারি সনদপত্রও প্রদান করা হবে।

‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এটি দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অংশ হিসেবে জামালপুরে প্রশিক্ষণটি পরিচালনার দায়িত্বে রয়েছে ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’। আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন ৬ ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার এই কোর্স পরিচালিত হবে।

এই প্রশিক্ষণে জামালপুরের ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুবনারীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকতে হবে। তবে ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকা প্রার্থীরা বাছাই প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে www.dydaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদনের সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডাউনলোডকৃত আবেদন কপিটি পরবর্তী প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে।

যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বর লিখিত এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জামালপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

Related Articles

Back to top button