সরিষাবাড়ী

বৈঠক শেষে ৬ প্রার্থীর শপথ

স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে হাতে হাত ধরে শপথ নিয়েছেন।

রবিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা ডাক বাংলায় নির্বাচন সংক্রান্ত একটি বৈঠক শেষে নিচে এসে প্রার্থীরা স্ব উদ্যোগে শপথ করেন।

শপথ বাক্য পাঠ করিয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার শামীম। তাঁর সঙ্গে শপথে অংশ নেন দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতের ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল, হাত পাখা প্রতীকের ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আলী আকবর, কাস্তে প্রতীকের সিপিবি’র মনোনীত প্রার্থী মো. মাহবুব জামান জুয়েল, ট্রাক প্রতীকের গণ অধিকার পরিষদের প্রার্থী মো. ইকবাল হোসেন ও কেতলি প্রতীকের নাগরিক ঐক্যের প্রার্থী মো. কবির হাসান।

শপথবাক্যে প্রার্থীরা বলেন- নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ও রায়কে সম্মান জানিয়ে আগামীতে এক পরিবার হয়ে একযোগে সরিষাবাড়ীর উন্নয়নে কাজ করবেন তারা। সরিষাবাড়ীকে মাদক ও দুর্নীতি মুক্ত করে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের নগরী গড়ে তুলবেন।

একমঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শপথকে সাধুবাদ জানিয়ে ভোটাররা বলছে- এই আসনের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সহিংসতার আশঙ্কার মধ্যে এই সম্মিলিত শপথের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রার্থীদের এমন বার্তা সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে পারে।

Related Articles

Back to top button