পুকুরে গোসল করতে নেমে সম্পদের মৃত্যু
স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সম্পদ(৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পৌরসভার ভুরারবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া সম্পদ মিয়া (৯) ভুরারবাড়ি গ্রামের মাংস ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে।
স্থানীয়রা জানান- মাদ্রাসা থেকে ছোট বোনকে নিয়ে বাড়ি ফেরার পথে সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্টের কাছে একটি পুকুরে গোসল করার উদ্দেশ্যে ঝাঁপ দেয় সম্পদ। এসময় সে পানিতে তলিয়ে যায়। ছোট বোনের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। পাশাপাশি পুরো এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান- হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।




