দেওয়ানগঞ্জ

কেঁদে কেঁদে পদ ফেরত চাইলেন তৃতীয় লিঙ্গের মুন্নি 

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার পদ ফেরত চেয়ে সংবাদ সন্মেলন করেছেন।

সোমবার (২ মার্চ) পৌর শহরের চুনিয়াপাড়া এলাকার হিজড়া সম্প্রদায়ের অস্থায়ী আবাসনে এ সংবাদ সন্মেলনের আয়োজন করেন তিনি।

এ সময় মুন্নী আক্তার কেঁদে কেঁদে তার মহিলা ভাইস চেয়ারম্যান পদটি ফেরত চান। তিনি বলেন-“উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচজন নারী প্রার্থীকে পরাজিত করে প্রায় ২৪ হাজার ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলাম। এলাকার গরীব দুঃখী অসহায় মানুষগুলো অনেক আশা নিয়ে আমাকে ভোট দিয়ে বিজয়ী করে। কিন্তু বিগত অন্তবর্তীকালীন সরকার বিজয়ী হওয়ার দুই আড়াই মাসের মাথায় আমাকে পদ থেকে অপসারণ করে অধ্যাদেশ জারি করে। গ্রামের অনেক সহজ সরল মানুষ এসব সরকারি আদেশ বুঝেনা। তারা এখনও তাদের নির্বাচিত প্রতিনিধি ভেবে আমাকে প্রতিনিয়ত ফোন করে দুঃখ দূর্দশার কথা বলে কিন্তু আমি তাদের জন্য কিছু করতে পারছি না। তাদের পাশে দাড়াতে পারছি না।”

মুন্নি আরও বলেন-“বর্তমান নির্বাচিত সরকার চাইলে আগের সরকারের অধ্যাদেশ বাতিল করতে পারে। নির্বাচিত বিএনপি সরকারের কাছে দাবী আগের অধ্যাদেশ বাতিল করে তৃতীয় লিঙ্গের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদটি ফিরিয়ে দেওয়া হোক।”

সংবাদ সন্মেলন তৃতীয় লিঙ্গের অর্ধশত মানুষ ছাড়াও এলাকাবাসীরা অংশ নেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদর নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২১ মে। ওই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: মুন্নী আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ৫ আগষ্ট গন অভ্যুস্থানে শেখ হাসিনার সরকার পতন হলে অন্তবর্তী সরকার গঠন হয়। পরে সেই সরকার ১৯ আগষ্ট উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেন।

Related Articles

Back to top button