ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: ৩ আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের অষ্টধারে একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন।
নিহত মোঃ সুমন মিয়া (৩৫) অষ্টধার ভিটাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গত ২৪ ফেব্রুয়ারি গাজীপুর থেকে নিজ গ্রামে আসেন।
পুলিশ জানায়- ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টা থেকে পরদিন সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরে তার মরদেহ অষ্টধার সেনপাড়া এলাকায় রেললাইনের দক্ষিণ পাশে ধানক্ষেতের সেচ নালার ওপর পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় নিহতের মামা মাহিন হোসেন কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর তদন্ত চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ সজিব আলী (২০), নাজমুল ইসলাম (২৫) এবং শিহাব মিয়া ওরফে শিপন (১৬)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান- মাদকের টাকা সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব শত্রুতার ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে সুমন মিয়াকে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয়। ঘটনাস্থলে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গ্রেফতার হওয়া সজিব আলী ও নাজমুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিশোর আসামি শিহাব মিয়াকে আদালতের নির্দেশে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।




