যাত্রী সেজে বৃদ্ধের অটোভ্যান ছিনতাই, চালকের আহাজারি
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে দিনদুপুরে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৬ মার্চ) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চালকের নাম আকালু মিয়া (৬০)। তিনি উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে।
আকালু মিয়ার স্বজনেরা জানান- গতকাল বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে আকালু মিয়ার অটোভ্যানে ওঠেন। নামাপাড়া এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি চলন্ত গাড়ি থেকে আকালু মিয়াকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এরপর দ্রুত অটোভ্যানটি নিয়ে পালিয়ে যান তিনি।
আকালু মিয়া কান্নজড়িত কণ্ঠে বলেন- “আমি এই অটোভ্যান চালিয়েই সংসার চালাইতাম। এখন আমি কী করে খাব? সমিতির কিস্তি দেব কীভাবে? আমি তো নিঃস্ব হয়ে গেলাম।”
এদিকে, ছিনতাইয়ের শিকার হওয়ার পর বৃদ্ধ আকালু মিয়ার মাটিতে গড়াাগড়ি করে আহাজারি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন-“খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা পৌর বাজার এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তবে মূল ঘটনাটি গ্রামের ভেতরের রাস্তায় হওয়ায় সেখানে কোনো ক্যামেরা পাওয়া যায়নি। ছিনতাইকারীকে শনাক্ত করতে এবং ভ্যানটি উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।”




