ভিটা নিয়ে বিরোধ, সৎ ভাইয়ের হাতে বড় ভাই খুন
স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহে বসত ভিটা নিয়ে বিরোধের জেড়ে সৎ ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত মাসুদ (৩০) উপজেলার নয়ানগর এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে এবং অভিযুক্ত হাসিব নিহতের সৎ ছোট ভাই। তারা একই মায়ের সন্তান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান- দীর্ঘদিন ধরে বসত ভিটা নিয়ে বিরোধ চলে আসছিলো দুই ভাইয়ের। সেই জেড়ে শনিবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তার মাথার খুলি ফেটে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষনা করে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে ওসি ওবায়দুর রহমান।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালপুর জেনারেল হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাত করা হয়েছে।




