ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা
সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে ভেজাল গুড় উৎপাদন ও খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগে দুটি আড়তকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান থেকে জানা গেছে- দুপুর থেকে নান্দিনা গো-হাটি বাজার এলাকার আটটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও দোকানে তদারকি ও কাঁচামাল পরিদর্শন করা হয়। এ সময় আধুনিক প্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিকভাবে খাদ্য দ্রব্যে ক্ষতিকর উপাদান রয়েছে কি না তা পরীক্ষা করেন কর্মকর্তারা।
পরীক্ষায় মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়তে চিনি মিশিয়ে গুড় তৈরি, পচা নালি ও গুড়ের বীজ ব্যবহার এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর শিল্প-রাসায়নিক ‘হাইড্রোজ’ প্রয়োগের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও ইমন হোসেন।
অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ জানান-“হাইড্রোজ’ মূলত শিল্পকারখানায় ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থ, যা খাদ্য প্রস্তুত বা প্রক্রিয়াজাতে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু অসাধু ব্যবসায়ী গুড়সহ বিভিন্ন খাদ্যপণ্যকে সাদা ও আকর্ষণীয় দেখাতে এ ধরনের রাসায়নিক ব্যবহার করে থাকে।”
তিনি আরও বলেন-“এ ধরনের রাসায়নিক নিয়মিত গ্রহণ করলে শ্বাসকষ্ট, পাকস্থলীর সমস্যা এবং দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।”
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




