ভিজিএফ কার্ড না দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার: জামালপুর বকশীগঞ্জে ভিজিএফ কার্ড না দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক দলের একজন নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যানের নাম মির্জা সোহেল। তিনি উপজেলার মির্জা বাড়ি এলাকার মরহুম মির্জা সাখওয়াত হোসেনের সন্তান।
আর অভিযুক্ত আশিকুর রহমান তোলন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে রয়েছে।
ভুক্তভোগী সোহেল বলেন-“আমাকে সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন দুপুরে কল দিয়ে উপজেলা পরিষদে ডেকে নিয়ে যায়। আমি যাওয়ার পর সে আমার কাছে কয়েকটি কার্ড চাই। আমি কার্ড দিতে অস্বীকৃতি জানালে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা দিয়ে মারধর করে। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। আমি খুব কম সময়ের মধ্যে আইনের আশ্রয় নিবো।”
বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল জলিল বলেন-“আমার কাছে প্রথম এসে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরাসরি কিছু কার্ড চাই। আমি বললাম এগুলো কার্ড তো আপনাকে দিতে পারবো না। গরীব মানুষের কার্ড। তারপর সে প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলকে ডেকে নিয়ে আসে। সোহেল সাহেব না করার পরই তাকে রুম থেকে বের করে লাঞ্ছিত করে।”
বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন অভিযোগ অস্বীকার করে মোবাইল বলেন-“এমন কোনো ঘটনা ঘটেনি, মূলত একটি ট্রেড লাইসেন্স নিয়ে ঝামেলা থেকে কথা কাটাকাটি হয়। এর বেশি কিছু হয়নি।”
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার মোবাইল ফোনে বলেন-“আমি বিষয়টি জানি না। আপনার কাছ থেকেই মাত্র জানতে পারলাম। দলীয় শৃঙ্খলা যে ভঙ্গ করবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহন করবো। এক্ষেত্রে বিষয়টি কেউ আমাদের লিখিত বা মৌখিক জানালে আমরা প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো। বর্তমানে অভিযোগ ছাড়া এক্ষেত্রে করার কিছু নেই।”
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাইকে ফোন দিলে তিনি নেটওয়ার্ক সমস্যা বলে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিক বার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।




