ফিতরার টাকা দেয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষন, বৃদ্ধ গ্রেপ্তার
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে ফিতরার টাকা দেয়ার কথা বলে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে অভিযুক্ত আব্দুল গফফারকে আদালতে প্রেরনের পর কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত আব্দুল গফফার (৬০) মেলান্দহ উপজেলার জগৎপাট্টা এলাকার বাসিন্দা।
রোববার (১৫ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এই ধর্ষনের ঘটনা ঘটেছে বলে জানায় ভুক্তভোগী বৃদ্ধা।
অভিযোগে উল্লেখ করা হয়- পবিত্র রমজান মাসে যাকাত ও ফিতরার সহায়তা নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন বৃদ্ধা।যাকাত সংগ্রহের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে অভিযুক্ত গফফার তাকে ফিতরার টাকা দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে গফফার তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগে আরো উল্লেখ করা হয়- ঘটনার পর কোনোভাবে সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে বিষয়টি স্থানীয় লোকজন ও স্বজনদের জানান বৃদ্ধা। স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস পেলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন-“লিখিত অভিযোগ পাওয়ার পর গতকাল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”




