জামালপুরপ্রধান খবর

ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নান:পুণ্যার্থীদের ঢল

স্টাফ রিপোর্টার: জগতের পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের মতো এবারও ভোরের আলো ফুটতেই নদীর তীরে ভক্তদের ঢল নামে। শেরপুর-জামালপুর সেতু এলাকায় ব্র‏হ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে এ অষ্টমী স্নানের জন্য ভিড় জমায় হাজার হাজার হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা।

অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্র‏হ্মপুত্র নদের তীর পরিণত হয় শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ ভক্তকূলের মিলনমেলায় ।

পুণ্যার্থীদের অনেককে ফুল, বেলপাতা, ডাব, ধান ও দূর্বা দিয়ে অর্চনা করতে দেখা যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দিনে পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন হয় এবং পুণ্য অর্জন হয়।

স্নান শেষে পুণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চণা ও অর্ঘ্য প্রদান করে। এদিকে অষ্টমী স্নান উপলক্ষে প্রতিবারের মতো এবারও শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে তিনদিনব্যাপী অষ্টমী মেলা বসেছে।

পুণ্যার্থী শীলা রানী দাস বলেন-“প্রতি বছরই আমরা পরিবারের সবাই মিলে অষ্টমী স্নানে অংশ নিতে এখানে আসি। আজকের এই দিনে ব্রহ্মপুত্রের পবিত্র জলে স্নান করলে মনে এক ধরনের শান্তি ও প্রশান্তি অনুভব করি। আমাদের বিশ্বাস, এতে জীবনের সকল পাপ ধুয়ে যায় এবং নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা পাওয়া যায়।”

সুশান্ত কুমার পাল বলেন-“এই অষ্টমী স্নান আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দূর-দূরান্ত থেকে এত মানুষের উপস্থিতি আমাদের ভীষণভাবে আনন্দ দেয়। এখানে এসে শুধু স্নানই নয়, আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে দেখা হয়, এক ধরনের মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।”

Related Articles

Back to top button