৭৯ লিটার পেট্রোল ও ডিজেল অবৈধ মজুত: ১০ হাজার টাকা জরিমানা
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে এই অভিযান চালানো হয়।
এই অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।
ভ্রাম্যমান আদালত থেকে জানা যায়- আইরমারী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে সোলাইমান তাঁর দোকানে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুত করে চড়া দামে বিক্রি করছিলেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা জানান- অভিযানে দোকানটি থেকে প্রায় ৭৯ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা তেল সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করে দেওয়া হয়।
তিনি আরও জানান- জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দাম আদায় ঠেকাতে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




