এসএসসি পরীক্ষায় এক উপজেলায় অনুপস্থিত ৭২ জন
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে প্রথম দিনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় বহিষ্কারের কোনো ঘটনা না ঘটলেও অনুপস্থিত ছিল ৭২ জন পরীক্ষার্থী।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা যায়- এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার মোট ৩ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি ২ হাজার ৩৬৮ জন, দাখিল ৫৭৪ জন ও ভোকেশনাল বিভাগে ৬৯৪ জন পরীক্ষার্থী। উপজেলার মোট ১০টি পরীক্ষা কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এসএসসি ৭ টি কেন্দ্রে, দাখিল ২টি কেন্দ্রে এবং ভোকেশনাল ১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
দেওয়ানগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র জানান- উপজেলায় শুরুর দিনের এসএসসি সমমান পরীক্ষা সুন্দর, সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭২জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান- উপজেলায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় পাঁচটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। বাকী পরীক্ষা গুলো সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার দিনে কেন্দ্র পরিদর্শন অব্যাহত থাকবে।




