ইসলামপুরপ্রধান খবর

ডোবায় ভাসছে সরকারি ঔষধ

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ডোবায় পেয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  থেকে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবা ভাসছে ওষুধগুলো।

জামালপুরের ইসলামপুরে এমন হৃদয়বিদারক ঘটনায় হতবাক স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় ভাসতে দেখা যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ক্ষোভে ফুঁসছেন, আবার কেউ নীরবে তাকিয়ে আছেন। ডোবাজুড়ে ছড়িয়ে আছে ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুলসহ নানা ধরনের সরকারি ওষুধ। যেগুলোর অনেকগুলোর গায়ে স্পষ্ট লেখা সরকারি সরবরাহ।

ধনতলা গ্রামের বাসিন্দা জমিলা খাতুন বলেন-“অধিকাংশ সময় বন্ধ থাকে ক্লিনিক। এক দেড় মাইল হেঁটে এসে ওষুধ না পেয়ে চলে যেতে হয়েছে। অথচ গরীবের ওষুধ পাওয়া যায় ডোবার মধ্যে।”

ক্লিনিক সংলগ্ন বাড়ির রোকেয়া খাতুন বলেন-“ক্লিনিকে গেলেই বলে ওষুধ আসে না। সরকার ওষুধ দেয় না। তাহলে এত ওষুধ পাওয়া গেলো কেমনে? ওষুধগুলো পেলে গরীব মানুষের কত উপকার হতো?”

স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ক্লিনিকে মাঝে মধ্যে আসেন। রোগীদের ঠিকমতো ওষুধ দেওয়া হয় না । ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেন। ওষুধ জমাতে জমাতে সেগুলোর মেয়াদ শেষ হলে সেই সব সরকারি ওষুধ ডোবায় ফেলে দেন বলে ধারণা এলাকাবাসীর।

ধনতলা কমিউনিটি স্বাস্থ্য সহকারী মো,মিস্টার জানান-“এই সপ্তাহে আমি অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। এইসব ঔষধের বিষয়ে আমি কিছু জানি না, ক্লিনিকে আমি ছাড়াও আরও দুইজন দায়িত্বে রয়েছেন।“

এবিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ. এ. এম আবু তাহের জানান-“আমি এই বিষয়ে কিছু জানি না, যদি এধরনের ঘটনা ঘটে থাকে তদন্ত কমিটি করে খতিয়ে দেখা হবে।”

Related Articles

Back to top button