সিসি ক্যামেরায় ধরা খেয়ে বহিষ্কার হলো দাখিল পরীক্ষার্থী
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে দাখিল পরীক্ষায় নকল করার দায়ে এক নারী পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র থেকে জানা যায়- দাখিল ইংরেজি পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছিলেন দায়িত্বরত কর্মকর্তারা। এসময় আইরমারী ইসলামীয়া মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী বৃষ্টি আক্তারকে নকল করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিব ও খয়ের উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম কক্ষ পরিদর্শন করেন এবং হাতে-নাতে নকলসহ ওই ছাত্রীকে ধরে ফেলেন। পরে পরীক্ষার নিয়ম লঙ্ঘনের দায়ে তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম জানান- পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নকলের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। অভিযুক্ত ছাত্রীকে হাতেনাতে ধরার পর বিধি মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।




