জামালপুর

৯৬৩ টি সিম ও ১৪ মোবাইলসহ রেল টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য আটক

স্টাফ রিপোর্টার: জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩ টি সিমসহ রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ৭টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টিকিট গুলোর আসন সংখ্যা ১২টি এবং এর মোট মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

শুক্রবার (১৫ মে) বিকালে ৩টা ৪৫ মিনিটে সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মোঃ মিনাতুর রহমান মিনাত (২৫) ও মোঃ শাকিব (২৪)।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রেলওয়ের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে অবৈধভাবে বাড়তি দামে বিক্রি করে আসছিল। বিশেষ অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩ টি সিমসহ বিভিন্ন রুটের ৭টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টিকিটগুলোর আসন সংখ্যা ১২টি এবং মোট মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

র‍্যাব-১৪ (সিপিসি-১)-এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন- “ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের ভোগান্তিকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। তারা অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Related Articles

Back to top button