চিকিৎসকের ওপর হামলা: মানববন্ধনে নিরাপত্তা ও শাস্তির দাবি
মতিন রহমান, বকশীগঞ্জ: শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক (এনেস্থিসিয়া) ডা. আশরাফুল ইসলাম এবং মেডিকেল অফিসার রাসেল মাহমুদ।
মানববন্ধনে বক্তারা বলেন- হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে স্বাভাবিক চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। চিকিৎসকদের ওপর হামলার মতো এমন ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দায়িত্ব পালন করতে গিয়ে যদি চিকিৎসকরাই নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়বে।
বক্তারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
গত শুক্রবার (১৬ মে) রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। ওই হামলায় গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক ডা. নাসির ইসলাম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।




