ঈদের আগে বন্ধ সোনালী ব্যাংকের এটিএম বুথ: ভোগান্তিতে গ্রাহকেরা
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে সোনালী ব্যাংকের একমাত্র এটিএম বুথ দীর্ঘদিন ধরে অধিকাংশ সময় বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিশেষ করে ঈদকে সামনে রেখে বুথটি সচল না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
দেওয়ানগঞ্জ পৌর শহরের পোস্ট অফিস সড়কে অবস্থিত সোনালী ব্যাংকের এটিএম বুথটি বছরের বেশিরভাগ সময়ই অকার্যকর থাকে বলে অভিযোগ গ্রাহকদের। ঈদুল আজহার ছুটিতে নগদ অর্থ উত্তোলনের জন্য মানুষ যখন এটিএম বুথের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, ঠিক তখনও বুথটি বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
বৃহস্পতিবার (২১ মে) সরেজমিনে সোনালী ব্যাংক দেওয়ানগঞ্জ বাজার শাখায় গিয়ে দেখা যায়- ব্যাংকের লেনদেন স্বাভাবিক থাকলেও এটিএম বুথটি বন্ধ। এসময় টাকা উত্তোলন করতে আসা ব্যাংকের এটিএম কার্ডধারী অনেক গ্রাহক কে ফেরত যেতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান- টাকা তুলতে এসে প্রায়ই “Out of Service” লেখা দেখতে হয়। অনেকেই বাধ্য হয়ে দূরের উপজেলা বা অন্য ব্যাংকের বুথে গিয়ে অতিরিক্ত খরচে টাকা তুলছেন। এতে সময় ও অর্থ দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন সাধারণ গ্রাহকরা।
শাহিন ইসলাম নামে এক গ্রাহক বলেন- “ঈদের বাজার করার জন্য টাকা তুলতে এসে দেখি বুথ বন্ধ। এটা নতুন কিছু না, প্রায়ই এমন থাকে। সরকারি ব্যাংকের এমন সেবা খুবই হতাশাজনক।”
আরেক গ্রাহক অভিযোগ করে বলেন- “দেওয়ানগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সোনালী ব্যাংকের এটিএম বুথটি ঠিক মতো সচল রাখা যাচ্ছে না। উৎসবের সময় অন্তত বুথ সচল রাখা উচিত ছিল।
স্থানীয়দের দাবি- দ্রুত এটিএম বুথটি স্থায়ীভাবে সচল করার পাশাপাশি নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। অন্যথায় গ্রাহক ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।
এ বিষয়ে সোনালী ব্যাংক দেওয়ানগঞ্জ বাজার শাখার ম্যানেজার রাশেদুজ্জামান বলেন- যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত বুথটি বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি ঈদের আগেই বুথটি সচল করা যাবে।




