মাদারগঞ্জ

নদীতে গোসলে নেমে বোনের মৃত্যু: প্রাণে বাঁচল ভাই

স্টাফ রিপোর্টার: জামালপুরের মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে লিজা মনি (১০) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তার বড় ভাই রিয়াদ (১১) প্রাণে বেঁচে ফিরেছে।

শুক্রবার (২২ মে)  দুপুরে উপজেলার মহিষবাথান এলাকায় ঝারকাটা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকার রবিউল ইসলামের সন্তান।

স্থানীয়রা জানান- দুপুর ১টার দিকে লিজা ও রিয়াদ বাড়ির পাশের ঝারকাটা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে দুই ভাই-বোনই নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের সন্ধান না পেয়ে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। অভিযানে রিয়াদকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিজা মনির নিথর দেহ নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সন্তানের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত লিজার পিতা রবিউল ইসলাম কান্নায় ভেঙে পড়ে বলেন-আমার দুই ছেলে-মেয়ে একসাথেই নদীতে নেমেছিল। চোখের পলকে কী হয়ে গেল বুঝতে পারলাম না। রিয়াদকে ফিরে পেলেও কলিজার টুকরো লিজা আর কোনোদিন বাবা বলে ডাকবে না।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার লিডার রইস উদ্দিন বলেন- খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। আমরা নদী থেকে দুজনকে উদ্ধার করি। রিয়াদ সুস্থ থাকলেও লিজা মনিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Related Articles

Back to top button