কোরবানির হাটে মহিষের আক্রমণে নিহত-১, আহত-৬
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে রুহুল আমীন নামে এক ব্যক্তি নিহত ও মজিবুর রহমান (৮০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী হাটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
নিহত রুহুল আমীন পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। গুরুতর আহত মজিবুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার সানান্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান- প্রতি রোববার সানন্দবাড়ীতে হাট বসে। স্থানীয় আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে একাধিক মহিষ নিয়ে ওই হাটে আসেন। হাটে আসার পর তার একটি মহিষ হঠাৎ বিগড়ে গিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। মহিষটি পাগলের ন্যায় হাটের মধ্যে ছোটাছুটি করে এবং হাটের মানুষদের আক্রমণ করে। এসময় হাটের মানুষ ছোটাছুটি শুরু করেন। সে সময় হাটে আসা রুহল আমীনসহ অন্তত সাতজনকে মারাত্বক ভাবে আক্রমণ করে। এর মধ্যে রুহুল আমীনকে চিকিৎসার জন্য নেওয়া হলে পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত মজিবুর রহমান কে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বলেন, মহিষের আক্রমণে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মহিষটি হঠাৎ পাগলের রূপ ধারণ করে। হঠাৎ পাগল হওয়া মহিষটির আক্রমণে এক জনের মৃত্যু হয়েছে।




