দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক ও সমর্থন নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে শেরপুরে ঘটেছে ভিন্নধর্মী এক ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক শিবু প্রকাশ্যেই দল বদলের ঘোষণা দিয়েছেন। শুধু দল বদলেই থেমে থাকেননি, ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল শিবিরে যোগ দিয়েছেন তিনি।
সোমবার (৮জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকার সজনের ছাদে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ সময় ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ ১০ থেকে ১২ জন উপস্থিত ছিলেন।
দল পরিবর্তনের কারণ সম্পর্কে শিবু বলেন, “আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকা খচিত খেলোয়াড়ও নেই। তাই দলটির ওপর আমার আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমার আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।”
ব্রাজিল সমর্থক আলিম বলেন- “প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে শিবু আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকরা তাকে স্বাগত জানান।”
ব্রাজিল সমর্থক জাকির হোসেন বলেন- “শিবুর এই সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এ ধরনের পরিবর্তন স্বাভাবিক। তিনি এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ, আমরা তাকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জয় কামনা করি।”
স্থানীয়দের মতে, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস।
বিশ্বকাপের উন্মাদনার মধ্যে শেরপুরের এই অভিনব দলবদলের ঘটনা এখন স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।




