বকশীগঞ্জ

২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে বিএসএফের পুশইনের ঘটনায় আলোচনায় আসা সেই বৃদ্ধকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে বিজিবি। পরে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে।

বিজিবি জানায়- উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। গত প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। তবে তিনি কতদিন যাবত ভারতে ছিলেন। সে সম্পর্কে জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। এরপর পরিচয় নিশ্চিত করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।

এর আগে, কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, “বৃদ্ধকে থানায় আনা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়া হয়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Back to top button